ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে অবস্থান নেওয়া পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের সড়কে অবস্থানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাঁদের সরিয়ে দিতে অভিযান চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
দুপুর সোয়া ১২টা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তৎপর ছিলেন।
সরেজমিনে দেখা যায়, সংঘর্ষের প্রভাবে মিরপুর-১১, মিরপুর-১২ ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
এর আগে সকাল ৯টায় মিরপুর-১৩ সেকশনে প্রিন্স বাজারের বিপরীত পাশে ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।