চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার লেলাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। এ সময় ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ড্রেজার, ২২টি পাইপ এবং উত্তোলিত প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা ড্রেজার ও পাইপের পাশাপাশি বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম