পানের দোকান থেকে হোটেল ব্যবসা, একাধিক গাড়ি ও কোটি টাকার বাড়ি আয়ের উৎস নিয়ে স্থানীয়দের নানা প্রশ্ন। অবশেষে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন উখিয়া উপজেলা সদরের আলোচিত সোলতান হোটেলের মালিক সোলতান আহমদ।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে তাঁকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ইয়াবা ব্যবসার সঙ্গে সোলতানের পাশাপাশি আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাঁদের কারও রয়েছে শোরুম, কারও মোবাইল ও বিকাশের দোকান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মাদক ব্যবসার অর্থ লেনদেন ও অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগও উঠেছে।
তবে সোলতান আহমদের আটকের মধ্য দিয়েই কি থেমে যাবে ইয়াবা বাণিজ্য, নাকি তদন্তে বেরিয়ে আসবে নেপথ্যে থাকা অন্য কারবারিদের পরিচয়?
একজন আটক হয়েছেন, এবার প্রয়োজন পুরো মাদক সিন্ডিকেটের নেপথ্যের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।