কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মোতালেবকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগার ছড়া এলাকায় আইওএম কার্যালয়ের পাশে আবুল কালাম হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আব্দুল মোতালেব হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া গ্রামের আবুল হাসিম ও নুর জাহানের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় আদালত আব্দুল মোতালেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আদালতের রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-১৫।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।