কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে বালু পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেলা আনুমানিক ৩টার দিকে থাইংখালী বিটের আওতাধীন ওমর আলী ঘোনা, গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালুভর্তি ডাম্পারটি জব্দ করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সাহাব উদ্দিন ওরফে সোনামিয়া (পিতা: মৃত মাহাবুব আলম), সাং-৭ নম্বর ওয়ার্ড, পালংখালী।
পাহাড় কেটে বালু পাচারের সময় বন বিভাগের অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, জব্দ করা ডাম্পারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অভিযুক্ত সাহাব উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।