উখিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান: ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২
১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক দুজনই রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও দুজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এলাকার বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের।
পরে তাঁদের থামার সংকেত দেওয়া হলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন।
পরে আটক ব্যক্তিদের বহন করা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাকারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।