সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে অবৈধভাবে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে দিন-রাত ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে প্রতিফুটের মূল্য নিচ্ছে চৌদ্দ টাকা।
গত শনি, রোববার ও সোমবার তিনদিন সরেজমিনে দেখা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলন করে নৌকায় ভর্তি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এক সপ্তাহ ধরে এই স্থানসহ পার্শ্ববর্তী চারচিরা রনমঙ্গল ও প্রতাপপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে এ ভাবে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। এসব কাজে ওই চক্রের নাম আড়ালে থাকলেও শ্রমিকরা নদীরবুকে প্রকাশ্যে চালাচ্ছেন লুটপাট কার্যক্রম।
অভিযোগ রয়েছে, নদী থেকে উত্তোলন করা বালু ও ভিটমাটি নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কাজে সরবরাহ হতে পারে। এভাবে নদী থেকে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক পরিবেশ, তীরবর্তী এলাকা এবং জনবসতির উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও ইতোমধ্যে নদীর গর্তে বিলিন হয়ে গেছে সুরমার দক্ষিন পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও, বাউসা-কেশবপুর ও সুরমার উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙ্গনে বিলিন হয়েছে সরকারী কাঁচা-পাকা সড়কও। এখনও এইসব এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত আছে। জায়গা জমি, ভিটেমাটি হারিয়ে অসংখ্য পরিবার আজ নি:স্ব। সুরমার দক্ষিন পাড়ের এক বাসিন্দা বলেন, শুধু বাউসা-কেশবপুর গ্রামের জমি ভেঙ্গে বিপরীত পাড়ে প্রায় ১১শত একরের বিশাল চর সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাবশালী একটি মহল প্রশাসনকে ম্যানেজ করেই এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে, গত এক সপ্তাহ ধরে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত প্রকাশ্যে বালু ও ভিটমাটি উত্তোলন করা হলেও বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দু রায়।
নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। পাশাপাশি উত্তোলনের বৈধতা, সংশ্লিষ্টদের পরিচয় এবং এর সাথে কোন প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।