একই কাটিং বোর্ডে মাছ, মাংস ও সালাদ কাটা, ফ্রিজে খোলা অবস্থায় আগের দিনের রান্না করা খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন রান্নাঘরসহ নানা অনিয়মের দায়ে মাদারীপুরে সাতটি রেস্তোরাঁ ও খাবারের প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার শকুনি লেকপাড় এলাকায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের রান্নাঘর ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করে নানা অসংগতি পাওয়া যায়। একই কাটিং বোর্ডে মাছ, মাংস ও সালাদ কাটার পাশাপাশি ফ্রিজে খোলা অবস্থায় আগের দিনের রান্না করা খাবার রাখা হচ্ছিল। এ ছাড়া অপরিচ্ছন্ন রান্নাঘর, অনুমোদিত সনদ না থাকা, অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া, কেকে অননুমোদিত রং ব্যবহার এবং ভাউচার সংরক্ষণ না করার মতো অনিয়মও পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ব্রেকহলিকে ২০ হাজার টাকা, ক্রেভিং রেস্টুরেন্ট, সিক্রেট সল্ট ও স্ন্যাকস ইন রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে, লবঙ্গ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ব্লু বাইট ও ফুড ল্যাব রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান রিপন এবং মো. আব্দুল আহাদ। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও কৃষি বিপণন কর্মকর্তা মো. রুবেল হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।