প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যে সমৃদ্ধ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পর্যটনশিল্প বিকাশের সম্ভাবনা যাচাইয়ে সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত তিনি এসব এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপজেলার রংছাতি ইউনিয়নের জামদানি তাঁতপল্লি, চন্দ্রডিঙ্গা পাহাড়, পাতলাবন এবং লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ী, চেংনী ও সাত শহীদের সমাধিস্থলসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ডেপুটি স্পিকারের নির্দেশনায় আমরা এখানে এসেছি। এ অঞ্চলে কিভাবে পর্যটনশিল্প গড়ে তোলা যায় এবং পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে গতিশীল করা যায়, তা আমরা দেখছি। এক্ষেত্রে স্থানীয় জনগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তৈরির স্থান পরিদর্শন করে তাঁতিদের কর্মপরিবেশ ও জামদানি পল্লির উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা গেছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন জরুরি।
চন্দ্রডিঙ্গা পাহাড়, পাতলাবন ও চেংনী এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ করে মো. সামীমুজ্জামান বলেন, পাহাড়ঘেঁষা সমতল ভূমি থেকে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখানে। তবে পর্যটকদের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা, ওয়াশরুম, আবাসন ও খাবারের ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এ অঞ্চলে গারো ও হাজং জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটকদের আকৃষ্ট করতে পারে। সবচেয়ে ভালো লেগেছে এলাকার ধর্মীয় সম্প্রীতি; বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কোনো বৈষম্য তার চোখে পড়েনি।