অটোরিকশায় মিটার লাগানোর বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ী হযরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বাবাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার ছেলে হাবিবুরও।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত হযরত আলী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ধরলা গ্রামের মৃত ছাবের আলীর ছেলে। তিনি আশুলিয়ার টেংগুরী পুকুরপাড় এলাকায় বসবাস করে স্থানীয় একটি মার্কেটে ব্যবসার পাশাপাশি আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। গ্রেফতার মেহেদী হাসান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজার এলাকার ইদ্রিসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেংগুরী পুকুরপাড় এলাকার একটি মার্কেটে অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালনা করেন হযরত আলী। অটোরিকশায় মিটার স্থাপনের বকেয়া টাকা নিয়ে পাশের দোকানের মেহেদী হাসানের সঙ্গে তার বিরোধ চলছিল। সোমবার পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেহেদী ধারালো অস্ত্র নিয়ে হযরত আলীর ওপর অতর্কিত হামলা চালান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে হাবিবুরকেও মারধর করা হয়, এতে তিনি মাথায় আঘাত পান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে মেহেদী হাসানকে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর আহত হযরত আলীকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।