নিকাহ রেজিস্ট্রারদের প্রচলিত কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করার পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে কাজী নিয়োগের প্রস্তাব রয়েছে। সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ রাখার উদ্যোগ নিয়েও আপত্তি জানান তারা।
অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম পাঁচ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে লাইসেন্সে উল্লেখ করা কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, শূন্য পদে স্থায়ী নিয়োগ, মৃত বা অবসর নেওয়া নিকাহ রেজিস্ট্রারের যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদান, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি এবং নিকাহ রেজিস্ট্রার নিয়োগের যোগ্যতা ফাজিল ডিগ্রি নির্ধারণ। পাশাপাশি নতুন বিধিমালা প্রণয়নের সময় নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন শুধু প্রশাসনিক কাজ নয়। এর সঙ্গে ইসলামী শরিয়াহ ও মুসলিম পারিবারিক আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দেনমোহর, ইজাব-কবুল, অভিভাবকত্ব ও তালাকসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান ও দক্ষতা থাকা জরুরি। তাই শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে এ পদে নিয়োগের সুযোগ রাখা উচিত নয়।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নিকাহ রেজিস্ট্রাররা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এলেও পেশাগত নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক ও আইনি সুরক্ষার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
কর্মসূচিতে তিন জেলার নিকাহ রেজিস্ট্রার সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা অংশ নেন। কক্সবাজারে কর্মসূচি শেষে জেলা কার্যালয়ে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
নিকাহ রেজিস্ট্রারদের নেতারা জানান, পেশাগত মর্যাদা, অধিকার ও জীবিকার সুরক্ষায় তারা ঐক্যবদ্ধ। তাদের দাবিগুলো বিবেচনা করে নতুন বিধিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।