বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেছেন, সারাদশের পর্যটনকে এগিয়ে নিতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। যার অংশ এই নেত্রকোনাও। নেত্রকোনার পাহাড়ি জনপদ সংসদীয় আসন নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) ছাড়াও হাওর এলাকা রয়েছে এর মধ্যে। অচিরেই এই প্লান প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
সোমবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে সাদা মাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন নেত্রকোনার পর্যটন কেন্দ্রগুলোর দু-তিনটি পরিদর্শন করেছি। মাননীয় ডেপুটি স্পিকারের আমন্ত্রণে আমরা নেত্রকোনার পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য কাজ শুরু করেছি। হাওর বিস্তৃত খালিয়াজুরী উপজেলাও আমরা ঘুরে এসেছি। আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছি দ্রুত যেন আমাদেরকে সম্ভবত স্থানগুলো একটি তালিকা দেয়। সেই আলোকে ওই গঠন করা কমিটি সুপারিশ করবো।
তিনি আরো বলেন, নেত্রকোনা ইতিহাস সমৃদ্ধ একটি জেলা। যেখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে, প্রাকৃতিক সম্পদ ছাড়াও বিভিন্ন জ্ঞানী মানুষেরা জন্মগ্রহণ করেছেন এই নেত্রকোনায়।
তিনি বলেন, আপনারা জানেন যে, হুমায়ুন আহমেদের মতো অনেকে গুণীর জন্ম হয়েছে এখানে। তাই পর্যটনের জন্য স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে কলমাকান্দা উপজেলার বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়ন, প্রচার-প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত পরিদর্শন দলের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নভেম্বর মন্ত্রণালয়ের পর্যটন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য একটি দল গঠন করা হয়।
পরিদর্শনকালে চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ড. প্রকাশ কান্তি চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিয়ন্ত্রক, হোটেল ও রেস্তোরাঁ সেল) এবং নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা।