কোমল পানীয় সেভেন-আপ এক্সট্রা ফিজে নিম্নমানের উপাদান, অতিরিক্ত রাসায়নিকের উপস্থিতি এবং মোড়কজাতকরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান। নিরাপদ খাদ্য আদালত সোমবার হাজির হতে সমন জারি করেছিলেন।
আজ সিমিন রহমান হাজির না হওয়া এবং সমনজারি না হওয়ায় মামলায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর খিলগাঁওয়ের ব্রাদার্স কম্পিউটার্স অ্যান্ড কনফেকশনারি থেকে ২০০ মিলিলিটারের তিনটি সেভেন-আপ এক্সট্রা ফিজের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় বিএসটিআইয়ের নির্ধারিত ছয়টি মানদণ্ডের মধ্যে তিনটিতে পণ্যটি উত্তীর্ণ হতে পারেনি।
ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মো. কামরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।
অন্যদিকে মামলার পরও খাদ্যবিধি উপেক্ষা করে বাজারে বিক্রি হচ্ছে কোমল পানীয় সেভেন-আপ। মামলার আবেদনে জনস্বাস্থ্য সুরক্ষায় ট্রান্সকমের ‘৭ আপ ন্যাচারাল লেমন ফ্লেভার এক্সট্রা ফিজ’-এর সংশ্লিষ্ট ব্যাচসহ (ব্যাচ নম্বর ৮৭৪) এ ধরনের সব ক্ষতিকর পানীয় দেশের বাজার ও দোকান থেকে বাজেয়াপ্ত এবং প্রত্যাহারের নির্দেশনাও চাওয়া হয়েছিল।