ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সিমনা বি-বাড়িয়া সড়কে অবৈধ ও অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণে অভিযান পরিচালনা করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া দত্তখোলার সেই দুটি বড় স্পিড ব্রেকার অপসারণ করা হয়নি। এ নিয়ে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সম্প্রতি এ সড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার স্থাপন নিয়ে সংবাদ প্রকাশের পর বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে সরেজমিনে অপসারণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষীমুড়া, মনিপুরসহ বিভিন্ন স্থানের কয়েকটি স্পিড ব্রেকার অপসারণ করা হয়েছে। তবে দত্তখোলা এলাকার রাস্তার মুখে স্থাপিত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমালোচিত সেই দুটি বড় স্পিড ব্রেকার এখনো বহাল রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা থেকে জেলা শহরে যাতায়াতের প্রধান এ সড়কের দত্তখোলা এলাকায় হাওরের মাঝখানে পাশাপাশি স্থাপন করা বড় দুটি স্পিড ব্রেকার রাতে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। বিশেষ করে রাতে এ পথ দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত থাকতে হয় তাঁদের। এ ছাড়া রোগী ও সাধারণ যাত্রীদের চলাচলেও দুর্ভোগের আশঙ্কা রয়েছে।
পথচারী ও যানবাহন চালকদের দাবি, বিভিন্ন স্থানের স্পিড ব্রেকার অপসারণ করা হলেও জনমত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত ওই দুটি স্পিড ব্রেকার অপসারণ না করায় প্রশাসনের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের অভিযোগ, স্থানীয়দের বাধার মুখে ওই দুটি স্পিড ব্রেকার অপসারণ করতে না পারায় প্রশাসন কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে স্পিড ব্রেকার দুটি অপসারণের চেষ্টা করেছি। কিন্তু অতিরিক্ত লোকজন জড়ো হয়ে আমাদের ঘিরে ফেলায় অপসারণ করা সম্ভব হয়নি।’
পরবর্তী সময়ে অন্য কোনো উপায়ে স্পিড ব্রেকার দুটি অপসারণের উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে করব? লোকজন জড়ো হয়ে যায় এবং অপসারণ করতে দেয় না।’
স্থানীয়দের প্রত্যাশা, জননিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। একই সঙ্গে জনস্বার্থ বিবেচনায় নিয়ে আলোচিত স্পিড ব্রেকার দুটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।