কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকায় একটি রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়।
তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।