দেশের চিনিশিল্পকে বাঁচাতে ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হলে আখের আবাদ বাড়ানোর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে মাঠপর্যায়ে সরাসরি প্রান্তিক আখচাষীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় শুরু করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।
এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে তিনি ঠাকুরগাঁও সুগার মিলের আওতাধীন বিভিন্ন এলাকার আখের প্লট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রান্তিক আখচাষীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের চাষাবাদের বর্তমান অবস্থা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মতবিনিময়কালে বিএসএফআইসি চেয়ারম্যান শামছুজ্জামান (সুরুজ) আখচাষীদের উদ্দেশ্যে বলেন, ‘চিনিশিল্পকে লাভজনক করতে এবং দেশের চিনির চাহিদা মেটাতে আখের উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রান্তিক কৃষকরা যাতে আখ চাষে আরও বেশি উৎসাহিত হন, সেজন্য কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করা হবে।’
এ সময় তিনি আখের ফলন বৃদ্ধিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং উন্নত জাতের আখ রোপণের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন ও মতবিনিময়কালে বিএসএফআইসির যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, জিএম (কৃষি) আবু রায়হান সহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য আখচাষীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানের এমন সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগে স্থানীয় আখচাষীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
এর আগে ঠাকুরগাঁও সুগার মিল ট্রেনিং কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বিভিন্ন মিল প্রতিষ্ঠানে কর্মরত হিসাব বিভাগের কর্মকর্তাদের চাকুরীকালীন ইনহাউজ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।