লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপসসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাটে পরিচালিত এ অভিযানে আদিতমারী উপজেলার ৭ নম্বর পলাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মদনপুর গ্রামের বাসিন্দা মোঃ আনিছার রহমানের বাড়ির সামনে থেকে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ আনিছুর রহমান (৩২), মোঃ আনিছার রহমান (৪৫), মোঃ আবু আক্কাস (২৪) ও মোঃ রমজান আলী (২১)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়া খেলায় জড়িত ছিলেন। একই সঙ্গে অনলাইনে জুয়ায় অংশগ্রহণকারীদের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করতেন।
অভিযানকালে প্রথম আসামি মোঃ আনিছুর রহমানের কাছ থেকে ১০ পিস এবং দ্বিতীয় আসামি মোঃ আনিছার রহমানের কাছ থেকে আরও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া চারজনের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপস ব্যবহার করা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।