নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পঞ্চম আসর শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এর মধ্যেই টুর্নামেন্টের ভেন্যুতে পরিবর্তন আনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। মুম্বাই পর্বের সব ম্যাচ এখন আর ব্রাবোর্ন স্টেডিয়ামে হচ্ছে না। প্লে-অফ ও ফাইনালসহ পুরো পর্বের নতুন ঠিকানা ওয়াংখেড়ে স্টেডিয়াম।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভেন্যু বদলালেও ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আসছে না।
আগামী বছরের ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাই পর্বের ১১টি ম্যাচ ব্রাবোর্ন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু ১৪ ফেব্রুয়ারি থেকে একই মাঠে শুরু হবে আইসিসির প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি। দুই টুর্নামেন্টের মধ্যবর্তী সময় কম হওয়ায় উইকেটের পরিচর্যা ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।
এ কারণে ব্রাবোর্নের পরিবর্তে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডব্লিউপিএলের মুম্বাই পর্ব আয়োজনের অনুরোধ জানায় আইসিসি। পরে বিসিসিআইয়ের নারী প্রিমিয়ার লিগ কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দেয়। ফলে মুম্বাই পর্বের সব ম্যাচের পাশাপাশি এলিমিনেটর ও ফাইনালও হবে ওয়াংখেড়েতে।