ফ্রান্সে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ অষ্টম সপ্তাহে গড়িয়েছে। ভাঙাচোরা স্কুল ভবন সংস্কার, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সহজ করার দাবিতে গত সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়গুলোতে অবরোধ কর্মসূচি পালন করছে। দুই মাস ধরে চলা এই আন্দোলনের কারণে হাজারো পরীক্ষার্থী ইতিমধ্যে প্রায় ১৫০ ঘণ্টার ক্লাস থেকে বঞ্চিত হয়েছে। ফলে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে শিক্ষার্থী ও শিক্ষকদের।
১৬ বছর বয়সী শিক্ষার্থী অ্যালেক্স জানিয়েছে, অবরোধে অংশ নিতে প্রতিদিন ভোরে উঠে দেড় ঘণ্টা হেঁটে সে তার বিদ্যালয়ে যায়। পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচতে তার ব্যাগে সাঁতারের চশমা ও মাস্ক থাকে। তার দাবি, সরকার তাদের কথা না শোনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তার এক বন্ধুর মতে, ফ্রান্সে যেকোনো অধিকার আদায়ে রাস্তায় নামাই একমাত্র উপায়।
তবে এই পরিস্থিতি সামাল দিতে সরকারের নেওয়া পদক্ষেপে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। শুরুতে সরকার পুলিশ মোতায়েন করে কঠোর অবস্থান নিলে পুলিশের হামলায় অনেক শিক্ষার্থী হাত বা চোখ হারায়। সম্প্রতি সরকার শ্রেণিভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর এবং ভর্তির বিষয়টি বিবেচনার আশ্বাস দিলেও শিক্ষক সংগঠনগুলোর দাবি, সরকার এই বিক্ষোভকে সহিংস রূপ নিতে দিচ্ছে। বিভিন্ন স্থানে বিদ্যালয়ের বাইরে ও শ্রেণিকক্ষে আতশবাজি ও পেট্রলবোমা ছোড়ার ঘটনা ঘটেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় শুক্রবার বিদ্যালয়ের অধ্যক্ষরা নিজস্ব বিক্ষোভ করেছেন। ইতিমধ্যে ৫০ জনের বেশি অধ্যক্ষ পদত্যাগের আবেদন করেছেন এবং বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৬০ জনের বেশি শিক্ষার্থী ও ২৪৫ জন কর্মী আহত হয়েছেন। প্যারিসসহ অন্যান্য শহরের শিক্ষার্থীরাও এই সমস্যার মুখে পড়েছে।
শিক্ষক জুলিয়েন রয় জানান, চারদিকে একটি আস্থার সংকট তৈরি হয়েছে। সহিংসতার কারণে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ছে এবং শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, আমাদের আবার ক্লাসে ফিরতে হবে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকট দূর করতে হবে। তবে আগামী বসন্তে প্রেসিডেন্ট নির্বাচন থাকায় এই সমস্যার দ্রুত সমাধান হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আরেক শিক্ষক। সিসিপি/ কেকে