প্রথমে পরিচয়, তারপর ঘনিষ্ঠতা। একসময় প্রেমের সম্পর্ক। অথচ ভালোবাসার আড়ালেই লুকিয়ে থাকতে পারে ভয়ংকর কোনো পরিকল্পনা। কখনো রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়া, কখনো প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্র, আবার কখনো অর্থের লোভে কাউকে অপরাধে জড়িয়ে ফেলা। প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে কাউকে ফাঁদে ফেলার এমন কৌশলই পরিচিত ‘হানিট্র্যাপ’ নামে।
হানিট্র্যাপ নিয়ে নতুন করে আলোচনা চলছে। তবে বাস্তবের এই কৌশল বহুদিন ধরেই চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহের বিষয়। হলিউডের গুপ্তচরবৃত্তির সিনেমা থেকে বলিউডের অপরাধকাহিনি—বিভিন্নভাবে পর্দায় এসেছে প্রেম, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার গল্প। কখনো গোয়েন্দারা প্রেমকে ব্যবহার করেছেন অস্ত্র হিসেবে, কখনো প্রেমের ফাঁদে পড়েছেন দুর্ধর্ষ গোয়েন্দারাই। আবার কাউকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরাই ভালোবাসায় জড়িয়ে পড়েছেন পরিকল্পনাকারীরা। এমন সাতটি আলোচিত সিনেমা নিয়ে এই আয়োজন।
‘মাতা হারি’ (১৯৩১) বিশ্বের গুপ্তচরবৃত্তির ইতিহাসে বহুল আলোচিত নাম মাতা হারি। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এই নৃত্যশিল্পীর আসল নাম মার্গারেটা গিরট্রুইডা জেলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ১৯১৭ সালে ফ্রান্সে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও গুপ্তচর হিসেবে প্রকৃত ভূমিকা নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে।
তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৩১ সালে নির্মিত হয় ‘মাতা হারি’। সিনেমার গল্প ১৯১৭ সালের প্যারিসে। সেখানে জনপ্রিয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিত মাতা হারি। অভিজাত সমাজ, প্রভাবশালী সামরিক কর্মকর্তা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তাঁর ওঠাবসা। কিন্তু পর্দার আড়ালে তিনি জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তি করেন। তাঁর কাজ, ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করা। একপর্যায়ে রুশ বিমানবাহিনীর কর্মকর্তা অ্যালেক্সিস রোসানফের সঙ্গে পরিচয় হয় তাঁর। তরুণ এই বৈমানিক গুরুত্বপূর্ণ একটি গোপন বার্তা বহন করছেন। মাতা হারি প্রথমে জানতেন না, তাঁর নতুন পরিচিত মানুষটির কাছেই রয়েছে সেই তথ্য, যা সংগ্রহের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।
কিন্তু অ্যালেক্সিসের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। মাতা হারি সত্যিই তাঁর প্রেমে পড়েন। অন্যদিকে গুপ্তচরবৃত্তির দায়িত্ব থেকে সরে আসার সুযোগও নেই। একসময় প্রেমিকের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের পরিকল্পনা করা হয়। ভালোবাসা আর দায়িত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় মাতা হারির মনে।
জর্জ ফিটজমরিস পরিচালিত সিনেমাটিতে মাতা হারির চরিত্রে অভিনয় করেছেন হলিউডের কিংবদন্তি গ্রেটা গার্বো। অ্যালেক্সিসের চরিত্রে র্যামন নোভারো। আরও অভিনয় করেছেন লায়োনেল ব্যারিমোর ও লুইস স্টোন।
প্রায় এক শতাব্দী আগের এই সিনেমায় প্রেমকে রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহের কৌশল হিসেবে দেখানো হয়েছে। তবে বাস্তব মাতা হারির জীবনের সঙ্গে সিনেমার সব ঘটনা মেলানো যাবে না। এটি তাঁর জীবন থেকে অনুপ্রাণিত কল্পনানির্ভর চলচ্চিত্র।
‘নটোরিয়াস’ (১৯৪৬)দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নজর পড়েছে ব্রাজিলে অবস্থানরত নাৎসি-সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর ওপর। তাদের গোপন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করতে প্রয়োজন এমন একজনকে, যিনি সহজেই ওই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারবেন।
এমন পরিস্থিতিতে গোয়েন্দাদের নজরে আসেন অ্যালিসিয়া হুবারম্যান। তাঁর বাবা নাৎসি গুপ্তচর হিসেবে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বাবার পরিচয়ের কারণেই নাৎসি-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অ্যালিসিয়ার গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।মার্কিন গোয়েন্দা ডেভলিন তাঁকে এই অভিযানে যুক্ত করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু দায়িত্ব পালনের জন্য অ্যালিসিয়াকে যেতে হয় আলেকজান্ডার সেবাস্তিয়ানের কাছে। সেবাস্তিয়ান তাঁর বাবার পরিচিত এবং নাৎসি-সংশ্লিষ্ট গোপন গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য।
পরিকল্পনা অনুযায়ী অ্যালিসিয়া সেবাস্তিয়ানের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। একসময় সেবাস্তিয়ান তাঁকে বিয়ের প্রস্তাব দেন। গোয়েন্দা অভিযানের স্বার্থে সেই বিয়েতে সম্মত হন অ্যালিসিয়া। এরপর স্বামীর বাড়িতে থেকেই শুরু হয় তাঁর বিপজ্জনক অনুসন্ধান।বাড়ির একটি বিশেষ কক্ষ ও মদের ভান্ডার নিয়ে সন্দেহ তৈরি হয়। সেখানে কী লুকিয়ে রাখা হয়েছে, তা জানার চেষ্টা করেন অ্যালিসিয়া ও ডেভলিন। তদন্তে উঠে আসে ইউরেনিয়াম আকরিকের বিষয়টি। কিন্তু সেবাস্তিয়ান যদি বুঝতে পারেন, তাঁর স্ত্রী আসলে গুপ্তচর, তাহলে কী ঘটবে?
আলফ্রেড হিচকক পরিচালিত সিনেমাটিতে অ্যালিসিয়ার চরিত্রে ইনগ্রিড বার্গম্যান, ডেভলিনের চরিত্রে ক্যারি গ্রান্ট এবং সেবাস্তিয়ানের চরিত্রে ক্লদ রেইনস অভিনয় করেছেন।
‘নটোরিয়াস’-এর বিশেষত্ব হলো, এখানে প্রেমের ফাঁদ পাতার দায়িত্ব পাওয়া নারী নিজেও অন্য একজনকে ভালোবাসেন। ফলে গুপ্তচরবৃত্তির পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের টানাপোড়েনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রেম, সন্দেহ ও বিশ্বাসঘাতকতার এই গল্প হিচককের অন্যতম উল্লেখযোগ্য গুপ্তচরবৃত্তির থ্রিলার।
‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩)দুর্ধর্ষ ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড। বিপজ্জনক অভিযান, শত্রুর ষড়যন্ত্র আর সুন্দরী নারীর সঙ্গে সম্পর্ক—এসব নিয়েই তাঁর পর্দার পরিচিত জগৎ। কিন্তু এই সিনেমায় বন্ডকেই প্রেমের ফাঁদে ফেলার পরিকল্পনা করা হয়।
অপরাধী সংগঠন স্পেক্টর জেমস বন্ডকে হত্যার ষড়যন্ত্র করে। সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেছে নেওয়া হয় তাতিয়ানা রোমানোভাকে। তিনি ইস্তাম্বুলে সোভিয়েত দূতাবাসের সংকেতলিপি বিভাগের কর্মী।
তাতিয়ানাকে বোঝানো হয়, তাঁকে বিশেষ একটি গোয়েন্দা অভিযানে অংশ নিতে হবে। তাঁর মাধ্যমে বন্ডের কাছে পৌঁছে দেওয়া হয় আকর্ষণীয় প্রস্তাব। তাতিয়ানা পশ্চিমে চলে যেতে চান এবং সঙ্গে নিয়ে আসতে পারেন ‘লেক্টর’ নামের গুরুত্বপূর্ণ সংকেত পাঠোদ্ধার যন্ত্র। তবে তাঁর শর্ত, ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডকেই আসতে হবে তাঁকে সাহায্য করতে।
প্রস্তাবটি ব্রিটিশ গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ, লেক্টর যন্ত্রটি হাতে পাওয়ার সুযোগ সহজে আসে না। কিন্তু পুরো পরিকল্পনার আড়ালেই রয়েছে স্পেক্টরের ষড়যন্ত্র।
বন্ড ইস্তাম্বুলে পৌঁছানোর পর তাতিয়ানার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। শুরু হয় বিপজ্জনক অভিযান। একদিকে গোপন যন্ত্র সংগ্রহের চেষ্টা, অন্যদিকে শত্রুপক্ষের নজরদারি ও হত্যার পরিকল্পনা। তাতিয়ানা নিজেও পুরো ষড়যন্ত্র সম্পর্কে অবগত নন।টেরেন্স ইয়াং পরিচালিত সিনেমাটিতে জেমস বন্ড চরিত্রে শন কনারি এবং তাতিয়ানা রোমানোভার চরিত্রে ড্যানিয়েলা বিয়ানকি অভিনয় করেছেন। আরও রয়েছেন রবার্ট শ, লটে লেনিয়া ও পেদ্রো আরমেনদারিস।
জেমস বন্ড সিরিজের দ্বিতীয় সিনেমা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’। ১৯৬৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে হানিট্র্যাপকে ব্যবহার করা হয়েছে গোয়েন্দা অভিযানের বড় একটি কৌশল হিসেবে। বিশেষত্ব হলো, এখানে যাঁকে ফাঁদ পাতার কাজে ব্যবহার করা হচ্ছে, তিনিও পুরো পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য জানেন না।
‘জিসম’ (২০০৩)সমুদ্রসৈকতে এক সুন্দরী নারীর সঙ্গে পরিচয় হয় আইনজীবী কবির লালের। নারীর নাম সোনিয়া খান্না। তিনি বিবাহিত, স্বামী ধনী ব্যবসায়ী। প্রথম পরিচয়ের পর থেকেই সোনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কবির।
একসময় দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সোনিয়া জানান, স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য জীবন সুখের নয়। তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু স্বামীর বিপুল সম্পত্তি, সংসারের জটিলতা ও নানা পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না।প্রেমে অন্ধ হয়ে পড়া কবির সোনিয়ার সমস্যার সমাধান করতে চান। ধীরে ধীরে সোনিয়া তাঁকে এমন একটি পরিকল্পনার দিকে নিয়ে যান, যার পরিণতি ভয়ংকর। সোনিয়ার স্বামীকে হত্যা করে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কবির বিশ্বাস করেন, স্বামীকে সরিয়ে দিতে পারলেই সোনিয়াকে নিয়ে নতুন জীবন শুরু করতে পারবেন। কিন্তু হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পর ঘটনাপ্রবাহ অন্যদিকে মোড় নেয়। প্রকাশ পেতে থাকে সোনিয়ার সম্পত্তি ও অর্থসংক্রান্ত উদ্দেশ্য। কবির বুঝতে শুরু করেন, যে সম্পর্ককে তিনি ভালোবাসা বলে বিশ্বাস করেছিলেন, তার আড়ালে থাকতে পারে বড় ধরনের প্রতারণা।
অমিত সাক্সেনা পরিচালিত ‘জিসম’-এ সোনিয়া চরিত্রে বিপাশা বসু এবং কবির চরিত্রে জন আব্রাহাম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন গুলশান গ্রোভার ও রণবীর শোরে।
২০০৩ সালে মুক্তি পাওয়া এই হিন্দি রোমান্টিক থ্রিলার আলোচনায় আসে বিপাশা ও জনের পর্দার রসায়ন এবং অপরাধকেন্দ্রিক গল্পের কারণে।অন্য সিনেমাগুলোর মতো এখানে রাষ্ট্রীয় গুপ্তচরবৃত্তি নেই। বরং একজন মানুষকে প্রেমের সম্পর্কে জড়িয়ে অপরাধে প্ররোচিত করার গল্প দেখানো হয়েছে। হানিট্র্যাপের সঙ্গে সম্পর্কিত প্রলোভন ও প্রতারণার বিষয়টি এ কারণে সিনেমাটিকে এই আলোচনায় প্রাসঙ্গিক করে তুলেছে।
‘ব্ল্যাক বুক’ (২০০৬)দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি-অধিকৃত নেদারল্যান্ডস। ইহুদি তরুণী র্যাচেল স্টেইন প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। একপর্যায়ে অন্য কয়েকজন ইহুদির সঙ্গে নিরাপদ এলাকায় পালানোর উদ্যোগ নেন তিনি। কিন্তু তাঁদের বহনকারী নৌকায় হামলা চালায় জার্মান বাহিনী। র্যাচেল বেঁচে গেলেও পরিবারের সদস্যসহ অন্যরা নিহত হন।এই ঘটনার পর ডাচ প্রতিরোধ আন্দোলনে যোগ দেন র্যাচেল। তাঁর সামনে আসে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি জার্মান বাহিনীর গোপন তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহের সুযোগ।
পরিকল্পনা করা হয়, র্যাচেল নতুন পরিচয়ে জার্মান বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা লুডভিগ মুন্টজের কাছে পৌঁছাবেন। নিজের পরিচয় আড়াল করে তিনি মুন্টজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। উদ্দেশ্য, জার্মান বাহিনীর সদর দপ্তরে প্রবেশের সুযোগ পাওয়া এবং প্রতিরোধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা।
পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে থাকে। র্যাচেল জার্মানদের দপ্তরেও কাজ করার সুযোগ পান। কিন্তু এর মধ্যেই মুন্টজের সঙ্গে তাঁর সম্পর্কে পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন, শত্রুপক্ষের সবাই এক রকম নন।
অন্যদিকে প্রতিরোধ আন্দোলনের ভেতরেও বিশ্বাসঘাতকতার ঘটনা প্রকাশ পেতে থাকে। কে বন্ধু আর কে শত্রু, তা বোঝাই কঠিন হয়ে পড়ে। গুপ্তচরবৃত্তির দায়িত্ব পালন করতে গিয়ে র্যাচেল এমন পরিস্থিতিতে পড়েন, যেখানে নিজের পরিচয় ও জীবন দুটোই বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়।
পল ভারহোভেন পরিচালিত ডাচ ভাষার সিনেমাটিতে র্যাচেল চরিত্রে অভিনয় করেছেন কারিস ফান হাউটেন। মুন্টজের চরিত্রে সেবাস্তিয়ান কখ।২০০৬ সালের এই যুদ্ধভিত্তিক থ্রিলারে প্রেমকে গুপ্তচরবৃত্তির অস্ত্র হিসেবে ব্যবহারের পাশাপাশি যুদ্ধের নৈতিক সংকটও উঠে এসেছে। র্যাচেলের সম্পর্কটি শুরু হয়েছিল পরিকল্পিতভাবে। কিন্তু সেই সম্পর্কই একসময় তাঁর দায়িত্ব, বিশ্বাস ও ব্যক্তিগত আবেগকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
‘লাস্ট, কশন’ (২০০৭)দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান-অধিকৃত চীন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে একদল দেশপ্রেমিক তরুণ জাপানপন্থী প্রভাবশালী কর্মকর্তা মিস্টার ইকে হত্যার পরিকল্পনা করেন। তাঁদের ধারণা, এই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া গেলে প্রতিরোধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ হবে।
পরিকল্পনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তরুণী ওয়াং চিয়া চি। তিনি ছাত্রজীবনে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। অভিনয়ের সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে হবে বাস্তব জীবনের বিপজ্জনক এক অভিযানে।
ওয়াং চিয়া চি নিজেকে একজন ধনী বিবাহিত নারী হিসেবে উপস্থাপন করেন। নতুন পরিচয়ে মিস্টার ইয়ের পরিবারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। ধীরে ধীরে মিস্টার ইয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে।
উদ্দেশ্য একটাই—মিস্টার ইকে এমন পরিস্থিতিতে নিয়ে আসা, যেখানে তাঁকে হত্যা করা সম্ভব হবে।
কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয় না। মিস্টার ই অত্যন্ত সতর্ক ও সন্দেহপ্রবণ মানুষ। নিজের নিরাপত্তা নিয়ে সব সময় সচেতন থাকেন। ফলে তাঁর বিশ্বাস অর্জন করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে ওয়াং চিয়া চি যত বেশি তাঁর কাছে যান, ততই নিজের আবেগ নিয়ে দ্বিধায় পড়তে থাকেন।
একসময় দুজনের সম্পর্ক এমন জায়গায় পৌঁছায়, যেখানে অভিনয় আর বাস্তব অনুভূতির পার্থক্য করা কঠিন হয়ে ওঠে। দেশপ্রেম, দায়িত্ব, ব্যক্তিগত আকর্ষণ ও ভালোবাসার মধ্যে জটিল দ্বন্দ্ব তৈরি হয় তরুণীর মনে।
অস্কারজয়ী পরিচালক অ্যাং লি নির্মাণ করেছেন ‘লাস্ট, কশন’। সিনেমায় ওয়াং চিয়া চির চরিত্রে অভিনয় করেছেন তাং ওয়েই এবং মিস্টার ইয়ের চরিত্রে টনি লিয়াং চিউ-ওয়াই। আরও অভিনয় করেছেন জোয়ান চেন ও ওয়াং লিহোম।চীনা লেখক আইলিন চ্যাংয়ের সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০০৭ সালে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ পুরস্কার জেতে।
‘লাস্ট, কশন’-এ হানিট্র্যাপ কেবল গোপন অভিযানের কৌশল হিসেবে আসেনি। এর মাধ্যমে দেখানো হয়েছে, কাউকে প্রেমের অভিনয়ে ফাঁসাতে গিয়ে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারালে কতটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।
‘রেড স্প্যারো’ (২০১৮)রাশিয়ার প্রতিভাবান ব্যালে নৃত্যশিল্পী ডমিনিকা এগোরোভা। কিন্তু মঞ্চে ভয়াবহ এক দুর্ঘটনায় তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়। আহত হওয়ার পর পেশাগত ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। অসুস্থ মায়ের চিকিৎসা ও সংসারের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।এমন পরিস্থিতিতে তাঁর জীবনে প্রবেশ করেন প্রভাবশালী এক ব্যক্তি, যিনি তাঁকে রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার প্রস্তাব দেন। পরিস্থিতির চাপে সেই প্রস্তাবে রাজি হতে বাধ্য হন ডমিনিকা।
তাঁকে পাঠানো হয় বিশেষ প্রশিক্ষণকেন্দ্রে, যার নাম ‘স্প্যারো স্কুল’। সেখানে তরুণ নারী-পুরুষদের শেখানো হয় কীভাবে মানুষের মনস্তত্ত্ব, দুর্বলতা ও যৌন আকর্ষণকে ব্যবহার করে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে হয়। লক্ষ্য থাকে গোপন তথ্য আদায় কিংবা গোয়েন্দা অভিযানের উদ্দেশ্য পূরণ।
ডমিনিকার জন্য এই প্রশিক্ষণ সহজ নয়। শারীরিক ও মানসিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। নিজের ইচ্ছার বিরুদ্ধে এমন সব কাজ করতে হয়, যা তাঁর ব্যক্তিগত মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক।
প্রশিক্ষণ শেষে তাঁর সামনে আসে বড় দায়িত্ব। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা নেট ন্যাশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। উদ্দেশ্য, রুশ গোয়েন্দা সংস্থার ভেতরে থাকা একজন মার্কিন তথ্যদাতার পরিচয় বের করা।ডমিনিকা নেটের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দুজনের সম্পর্ক এবং গোয়েন্দা সংস্থাগুলোর পাল্টাপাল্টি পরিকল্পনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। কার প্রতি কার আনুগত্য, কে কাকে ব্যবহার করছেন, আর কে আসলে কাকে ফাঁদে ফেলছেন—সেসব প্রশ্ন সামনে আসে।
ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটিতে ডমিনিকা চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। নেট ন্যাশের চরিত্রে জোয়েল এডগারটন। আরও অভিনয় করেছেন ম্যাথিয়াস শোনার্টস, শার্লট র্যাম্পলিং ও জেরেমি আয়রনস।
২০১৮ সালে মুক্তি পাওয়া এই গুপ্তচরবৃত্তির থ্রিলারে হানিট্র্যাপের প্রশিক্ষণ, মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার ও গোপন তথ্য সংগ্রহের কৌশল গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে।সিনেমাটি একই সঙ্গে দেখিয়েছে, গোয়েন্দা অভিযানে কাউকে প্রলোভনের অস্ত্র হিসেবে ব্যবহার করার পেছনে ব্যক্তির নিজের ইচ্ছা, স্বাধীনতা ও নিরাপত্তা কতটা বিপন্ন হতে পারে।
প্রায় নয় দশকের ব্যবধানে নির্মিত এই সাত সিনেমার গল্প আলাদা। কোথাও যুদ্ধকালীন গোপন তথ্য সংগ্রহ, কোথাও রাজনৈতিক হত্যার পরিকল্পনা, কোথাও অর্থের লোভে প্রতারণা। কিন্তু গল্পগুলোর মিল রয়েছে একটি জায়গায়—বিশ্বাস ও ঘনিষ্ঠ সম্পর্ককে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা।
আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট, টার্নার ক্ল্যাসিক মুভিজ, সনি পিকচার্স, ফোকাস ফিচারস, অবলম্বনে।