বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাতের ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নে সহায়তার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এজাহারে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা ও তাদের মদতদাতাদের সঙ্গে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। তবে কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, এজাহারে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
বিকেল ৩টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সোয়াটের বিশেষ টিম পাঁচলাইশ থানা থেকে জাহাঙ্গীর আলমকে আদালতে নিয়ে যায়। তার মাথায় হেলমেট, মুখে মাস্ক এবং দুই হাতে হাতকড়া ছিল। একটি কালো হাইয়েস গাড়িতে করে তাকে আদালতে নেওয়া হয়।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাঁচলাইশ থানায় আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করেন। মামলার পর রাতেই নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মহানগর পুলিশ অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ।
গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
শুনানিতে চুপচাপ ছিলেন জাহাঙ্গীর
রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া প্রায় আট মিনিট শুনানি করেন। এ সময় কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়ে ছিলেন আসামি জাহাঙ্গীর আলম। তার পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানির একপর্যায়ে জাহাঙ্গীরের মাথায় থাকা হেলমেট খুলে দেওয়ার জন্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন পিপি। তার কথায় জাহাঙ্গীর নিজেই হেলমেট খুলতে হাত বাড়ালে নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তাকে বাধা দেয়। শুনানি শেষে আদালত তার কাছে কোনো বক্তব্য জানতে না চেয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, পুলিশ জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সরকারি কর্মকর্তা হয়েও তিনি নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, শুনানির সময় জাহাঙ্গীরের মাথায় হেলমেট থাকায় তার চেহারা দেখানোর জন্য সেটি খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে আদালতে তিনি কোনো কথা বলেননি।
এজাহারে যেসব অভিযোগ
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তিকে দুটি বার্তা পাঠান জাহাঙ্গীর আলম। এর একটি বার্তায় ইংরেজিতে ডিসেম্বর মাসে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়। অন্য বার্তায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ডিসেম্বর মাসে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এজাহারে উল্লেখ করা বার্তায় জাহাঙ্গীর লেখেন, ‘আসসালামু আলাইকুম স্যার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম- স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
এজাহারে আরও অভিযোগ করা হয়, টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতা এবং তাদের মদতদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। তাদের সহায়তায় বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সহায়তা করছিলেন তিনি।
মামলার আলামত হিসেবে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাগুলোর স্ক্রিনশট এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
স্বামীর ফোন হ্যাকড হওয়ার দাবি স্ত্রীর
এসপি জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার অভিযোগ, ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বামীর মোবাইল ফোন হ্যাক করে সেখান থেকে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে।
রিমান্ড শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মাসুমা আক্তার বলেন, তার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি নির্দোষ। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে তাদের মনে হচ্ছে।
তিনি বলেন, জাহাঙ্গীরের বিষয়ে বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। তার চাকরিজীবন, অতীত কর্মস্থল, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য যাচাই করলেই প্রকৃত বিষয়টি জানা যাবে। একজন কৃষকের সন্তান হিসেবে জাহাঙ্গীর আলম নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন।
মাসুমা আরও বলেন, আদালতে সারাদিন অপেক্ষা করেও স্বামীর সঙ্গে কথা বলতে পারেননি। পুলিশ তাকে কথা বলার সুযোগ দেয়নি। আদালতে নেওয়া ও সেখান থেকে বের করার সময় দূর থেকে স্বামীকে দেখেছেন।
জাহাঙ্গীর আলম নরসিংদীর শিবপুর থানার চাঁদপাশা গ্রামের কৃষক জিন্নাত আলীর ছেলে। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন তিনি।