কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য রয়েছেন ১১৯ জন। আটক ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গত ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং ছিনতাইপ্রবণ স্থানগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন এলাকাগুলোতে পুলিশের নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়।
অভিযানে আটক ৬১৭ জনের মধ্যে ১১৯ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য। তাঁদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য ২১৬ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, মাদক কারবার এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। অপরাধ দমনের পাশাপাশি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতেও জেলা পুলিশ কাজ করছে।