রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি মৌসুমে আলু চাষ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। একদিকে তীব্র সার সংকট, অন্যদিকে বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজারে আলুর ন্যায্যমূল্য না পাওয়ার দুশ্চিন্তা। সব মিলিয়ে আগাম ও ভরা মৌসুমের আলু আবাদ নিয়ে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার কৃষকদের অভিযোগ, আলু আবাদের গুরুত্বপূর্ণ সময়ে টিএসপি, ডিএপি ও এমওপি সার চাহিদামতো পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় সার সংগ্রহ করতে সরকারি ডিলারের দোকান/ গুদামে আগের দিন রাত থেকেই সিরিয়াল দিতে হচ্ছে। পরদিন সারাদিন লাইনে দাঁড়িয়েও অনেকে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না।
কৃষকদের অভিযোগ, ডিলাররা চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে পারছেন না। বরং কিছু অসাধু ডিলার ও ব্যবসায়ী রাতের আঁধারে গোপনে অন্যত্র সার বিক্রি করে দিচ্ছেন। ফলে বাধ্য হয়ে কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছে। তবে অতিরিক্ত দাম দিয়েও সব জায়গায় প্রয়োজনীয় সার মিলছে না।
সম্প্রতি উপজেলার মচমইল বাজারে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করতে হয়। এছাড়া গোবিন্দপাড়া ইউনিয়নের জিল্লুর মোড়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ৪০ বস্তা রাসায়নিক সার জব্দ করেন বলে জানা গেছে।
অন্যদিকে, গত মৌসুমে আলু উৎপাদন করে হিমাগারে সংরক্ষণ করেও প্রত্যাশিত দাম পাননি অনেক কৃষক। উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ খরচের তুলনায় বাজারে বিক্রয়মূল্য কম থাকায় লোকসান গুনতে হয়েছে তাদের। সেই ক্ষতি ও দেনার বোঝা মাথায় নিয়েই নতুন মৌসুমে আবারও বাড়তি খরচে আলু চাষ করতে হচ্ছে। এবারও ন্যায্যমূল্য না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
এদিকে, মাঠপর্যায়ে সার সংকটের অভিযোগ থাকলেও কৃষি বিভাগের দাবি, জেলায় সারের সামগ্রিক কোনো ঘাটতি নেই। প্রশাসনের ভাষ্য, অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও সিন্ডিকেটের কারণে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সংকট নিরসনে সার বিতরণ তদারকি ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কৃষকদের দাবি: সরকারি ডিলারনির্ভর সার বিতরণ ব্যবস্থা বাতিল করে উন্মুক্ত বাজারে কৃষকদের কাছে সরাসরি সার বিক্রির ব্যবস্থা করতে হবে, যাতে হয়রানি ও কৃত্রিম সংকট কমে। পাশাপাশি উৎপাদন খরচ বিবেচনায় আলুসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য সরকারিভাবে নির্ধারণ ও তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।