ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার হতাশা পেছনে ফেলে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সূর্যকুমার যাদব। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন নতুন করে। নির্বাচকদের মনোযোগ আকর্ষণ করতে প্রয়োজনে তাদের দরজায় ‘ধাক্কা’ দিতেও প্রস্তুত মুম্বাইয়ের এই অধিনায়ক। সৈয়দ মুশতাক আলী ট্রফির প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলে নিজের সেই প্রত্যয়ের প্রমাণ দিয়েছেন তিনি।
শনিবার হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২১ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার। ছয়টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো তার ইনিংসে ভর করে ১৭৩ রানের লক্ষ্য ৪১ বল হাতে রেখেই পেরিয়ে যায় মুম্বাই। জয়টি তারা পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে। গত মে মাসে আইপিএলে খেলার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটিই ছিল সূর্যকুমারের প্রথম ম্যাচ।
ম্যাচ শেষে ভারতের হয়ে আবার খেলার আকাঙ্ক্ষার কথা অকপটে জানিয়েছেন এই ব্যাটার। কলকাতায় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের পর স্বাভাবিকভাবেই মনে হয়েছিল, আইপিএলের পর ভারতের পরবর্তী সিরিজেও খেলব। বিশেষ করে দেশের মাটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট জেতা সহজ নয়। এর আগে কেউ যা করতে পারেনি, সেটি করতে পেরে দারুণ অনুভূতি হয়েছিল। তবে অধিনায়কত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে নির্বাচকদের নিশ্চয়ই কোনো কারণ ছিল। কিন্তু আমি অবশ্যই হতাশ হয়েছিলাম। এমন ঘটনার পর মন খারাপ না হলে সেটিকে কীভাবে আবেগ ও উদ্দীপনায় রূপ দেব? ভারতের হয়ে খেলার যে ক্ষুধা আমার মধ্যে ছিল, সেটি আবার ফিরে এসেছে। আমি আবার দেশের হয়ে খেলতে চাই। তাই নির্বাচকদের দরজায় ধাক্কা দিতে হবে।’
মাঠে তার ব্যাটিংয়েও ছিল সেই প্রত্যাবর্তনের তাগিদ। আট নম্বর ওভারে চার নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যকুমার। পরের ওভারে লেগ স্পিনার বেদ রেড্ডির বলে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান। দশম ওভারে বাঁহাতি স্পিনার প্রণব ভার্মার বলে মারেন আরও তিনটি ছক্কা ও একটি চার। তাতেই মাত্র ১৫ বলে পূর্ণ করেন অর্ধশতক। পুরো ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২৮৫.৭১।
তবে এই ইনিংসকে নির্বাচকদের উদ্দেশে কোনো বিশেষ বার্তা হিসেবে দেখতে নারাজ সূর্যকুমার। বরং তার মতে, সময়ের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন বদলেছে। এখন বড় সংগ্রহ গড়তে মাঝের ওভারগুলোতেও আক্রমণাত্মক ব্যাটিং জরুরি।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট কীভাবে বদলে যাচ্ছে, সেটি সবাই দেখতে পাচ্ছেন। ২০২৪ সাল পর্যন্ত খেলাটির ধরন কিছুটা ভিন্ন ছিল। এরপর ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি, যেখানে ১৯০ থেকে ২২০ রান, কখনো কখনো ২৫০ রানও উঠেছে। কিন্তু এখন প্রায় প্রতিটি ম্যাচেই ২২৫, ২৩০ কিংবা ২৪০ রান হচ্ছে। পাওয়ারপ্লেতে ওপেনাররা দারুণ শুরু এনে দিচ্ছেন। যেমন আজ প্রথম ছয় ওভারেই আমরা ৭৯ রান করেছি। তবে সপ্তম থেকে পঞ্চদশ ওভারেও একই গতিতে রান তোলা প্রয়োজন। ২৫০-২৬০ রানের লক্ষ্য অর্জন করতে হলে আমিও সেই পরিকল্পনার অংশ।’
মাঝের ওভারগুলোতে আরও বেশি ঝুঁকি নিয়ে চার-ছক্কা হাঁকানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সূর্যকুমারের ভাষায়, ‘মাঝের ওভারগুলোতে আমার কৌশল ছিল বেশি ঝুঁকি নিয়ে বেশি রান তোলা। তবে এখন আরও বেশি চার ও ছক্কা মারতে ঝুঁকি নেওয়ার চেষ্টা করছি। এই সংস্করণ এখন মূলত চার ও ছক্কার খেলা। খুব কম ম্যাচেই দেখা যায় কোনো দল ৫০ রানে ৪ উইকেট কিংবা ৬০ রানে ৫ উইকেট হারিয়েছে। বেশির ভাগ ম্যাচই এখন ২০০ থেকে ২২৫ রানের। তাই স্পিনার কিংবা পেসার—মাঝের ওভারগুলোতে সবার বিপক্ষেই যতটা সম্ভব আধিপত্য বিস্তার করতে চাই।’
ম্যাচটিতে সূর্যকুমারের ব্যাটিংয়ের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নির্বাচক এসএস দাস। তার সামনে এমন বিধ্বংসী ইনিংস খেলার পর নির্বাচকদের কোনো বার্তা দিতে চেয়েছিলেন কি না, এমন প্রশ্নে মজার ছলে হিন্দি সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র একটি দৃশ্যের প্রসঙ্গ টানেন তিনি।
সূর্যকুমার বলেন, ‘সিনেমাটিতে ধোনির বন্ধুরা তাকে বলেছিল, নির্বাচকেরা যেখানে বসে আছেন, সেদিকে ছক্কা মারতে। আজ আমারও পরিকল্পনা ছিল সেটাই। নির্বাচকেরা যদি সোজা বাউন্ডারির কাছে বসতেন, তাহলে আরও ভালো হতো। আমার লক্ষ্য ধারাবাহিকভাবে রান করা এবং দলকে জেতানো। আমি এই সংস্করণটি উপভোগ করছি এবং স্বাধীনভাবে খেলতে চাই।’
সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে ২৭০ রান করেছিলেন সূর্যকুমার। এরপর জুনে স্থানীয় মুম্বাই টি-টোয়েন্টি লিগে খেলেন তিনি। ঘরোয়া মৌসুম শুরুর পর ক্লাব ক্রিকেটেও অংশ নেন। এর মধ্যেই তাকে মুম্বাইয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেওয়া হয়।
এই দায়িত্বকে কেবল অধিনায়কত্ব নয়, সম্মানের বিষয় হিসেবেই দেখছেন তিনি। সূর্যকুমার বলেন, ‘আইপিএলের পর ভারতের দল থেকে জায়গা হারিয়ে দুই-তিন মাস কোনো ক্রিকেট খেলিনি। শুধু অনুশীলন ও প্রস্তুতি নিয়েছি। এমন সময়ে আমাকে সমর্থন করে মুম্বাইয়ের অধিনায়ক করার বিষয়টি অনেক বড় ব্যাপার। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক চাইলে অন্য কাউকেও অধিনায়ক করতে পারতেন। কিন্তু আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তার জন্য আমি সব সময় কৃতজ্ঞ থাকব। এখান থেকেই আমার ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল। এবার নিজের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি প্রতিদান দেওয়ার সময়।’