সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত ছিলেন। এ কারণে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
শুক্র ও বৃহস্পতিবার অনুষ্ঠিত সাক্ষাৎকারে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্যে কয়েকজন উপস্থিত হননি। শুক্রবার (১৩ নভেম্বর) বোয়েসেল কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়।
তবে দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন অনুপস্থিত থাকায় আগে নির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে।