ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি। শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নতুন হামলার ব্যাপারে সতর্ক করে তিনি এই কঠোর বার্তা দেন।
আহমেদ ভাহিদি বলেন, আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বারবার যে পরাজয়ের শিকার হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। আর নয়তো তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।
মূলত সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার জের ধরেই বিপ্লবী গার্ডের প্রধান এই নতুন সতর্কবার্তা দিলেন। এর আগে গতকাল রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিলের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও বাহরাইনে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী (আর্লি ওয়ার্নিং) রাডারকে লক্ষ্য করে হামলা চালায়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় বিপ্লবী গার্ডের সাবেক প্রধান নিহত হওয়ার পর আহমেদ ভাহিদি এই বাহিনীর দায়িত্ব পান। অত্যন্ত কট্টরপন্থী হিসেবে পরিচিত এই নেতার মূল লক্ষ্যই হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিকভাবে মোকাবিলা করা।