নেত্রকোনার নারীরা এখন বিষমুক্ত সবজি চাষে এগিয়ে রয়েছেন। নিজেরাই সমিতি করেন, নিজেরাই প্রশিক্ষণ দেন। চাষ করেন বারোমাসি বিষমুক্ত সবজি। যুব সংগঠন গঠন করে গ্রামে গ্রামে এখন কৃষি প্রতিবেশবিদ্যা নিয়ে কাজ করছেন তার। জেলার ৫টি উপজেলার বেশ কটি গ্রামে গড়ে তুলেছেন শিখন কেন্দ্র। তার মধ্যে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামেন মর্জিনা ও আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ কান্দাপাড়া গ্রামের কবিতা অন্যতম। তাদের কার্যক্রমকে ইতিমধ্যেই মডেল হিসেবে নিয়েছে গ্রামের অন্যরা। পরামর্শসহ স্থানীয় জাতের বীজ এখন তাদের থেকেই সংগ্রহ করেন। বিশ্বনাথপুরের কৃষি শিখন কেন্দ্র তত্ত্বাবধান করেন কিষানি মর্জিনা বেগম। ওই গ্রামের শতভাগ নারী জৈব বালাইনাশক নিজেরা তৈরি করে প্রাকৃতিক প্লøান্টের মাধ্যমে বায়োগ্যাসও ব্যবহার করছেন তারা। এসব গ্রাম ঘুরে দেখা যায়, এক সময় জমিতে প্রচুর বিষ প্রয়োগ করতেন এই অঞ্চলের কৃষকরা। ফলে শ্বাসকষ্ট, ক্যানসারসহ জটিল নানা ধরনের রোগেও ভুগেছেন অনেকই। এখনো অনেকের চিকিৎসা চলছে। শুধু কৃষকরাই নন, গ্রামের গর্ভবতী নারীসহ সবার মাঝে বিষের বিরূপ প্রভাব পড়েছে। তার মধ্যে বেশি ঝুঁকিতে শিশুরা। কিন্তু এই গ্রামেই এখন অক্সিজেন খুঁজতে যান অনেকে। বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের মাধ্যমে কৃষি বিষয়ে প্রতিবেশবিদ্যা প্রশিক্ষণ নিয়ে তাদের পরামর্শে প্রথমে কয়েকজন কৃষি চাষে পরিবর্তন আনার চেষ্টা করেন। একে একে গ্রামের নারীরা সম্পৃক্ত হন কৃষি জ্ঞানে। বিষমুক্ত ফসল চাষে ডোনাপাড়া, গাছগরিয়া গ্রামে, যুব সংগঠন, কিষানি সংগঠন মিলে গ্রামের ৮০ ভাগ জমি এখন বিষমুক্তভাবে আবাদ হয়।
বায়োগ্যাস পদ্ধতি নিয়ে সত্তরোর্র্ধ্ব আবদুল কাদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন নারীসহ সবাইকে। এদিকে আটপাড়ার কান্দাপাড়া গ্রামের কবিতা খাতুনের বাড়ি এখন বড় শিখন কেন্দ্রে পরিণত হয়েছে। আশপাশের সবাই পরামর্শসহ স্থানীয় জাতের বিলুপ্ত হয়ে যাওয়া বীজ সংরক্ষণ করেন তার থেকে। জানা গেছে, জেলার সদর, আটপাড়া, কেন্দুয়া, মদন ও কলমাকান্দায় মিলিয়ে ১৬১টি কিষান, কিষানি, যুব, কিশোরীসহ কৃষি প্রতিবেশ বিদ্যার সংগঠন রয়েছে। তাদের মধ্যে ৫৭টিই নারী সংগঠন। যার আওতায় ১১৪০ জন নারীর জীবন ও কর্ম জড়িত। এ ছাড়াও ২৩টি কিশোরী সংগঠনের মধ্যে ৪৬০ জন কৃষি জীবন কর্মে জড়িত।