পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) কিংবা বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কতামূলক বার্তায় তিনি এ আহ্বান জানান। বার্তায় বলা হয়, কোনো ব্যক্তি বা চক্র পুলিশ, ডিবি কিংবা গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ফোনে অথবা অন্য কোনো মাধ্যমে মামলা কিংবা গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবি করলে তাদের প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না।
এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে এবং কোনো অবস্থাতেই অর্থ প্রদান না করে দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
পুলিশ সুপারের দেওয়া বার্তায় অভিযোগ জানানোর জন্য পুলিশ কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বরও উল্লেখ করা হয়েছে। নম্বরটি হলো +৮৮০ ১৩২০-১২৪৪৯৮।
সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপরিচিত কোনো ব্যক্তির ফোনে পুলিশ বা গোয়েন্দা সংস্থার পরিচয় শুনেই আতঙ্কিত হওয়া কিংবা অর্থ লেনদেন করা উচিত নয়। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হতে হবে।
পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অর্থ আদায়ের এমন অপচেষ্টা রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।