কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী সাকিনস্থ ইসমাইল খানের বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃত ইউনুসের হেফাজত থেকে লোডেড অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি অ্যাংকলেটও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইউনুস (৪১) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-ব্লকের বাসিন্দা। তিনি আব্দু শুক্কুরের ছেলে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ সূত্র জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং রোহিঙ্গা ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।