কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৬৪ বিজিবির তিনটি পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া সংলগ্ন এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি আভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়া বনের ভেতরে অবস্থান নেয়।
এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে ওই এলাকায় অগ্রসর হলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে যায়।
একপর্যায়ে মাদক কারবারিরা ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় মোট ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরও একজনকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনটি অভিযানে সর্বমোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে পেশাদারিত্ব, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি টেকনাফ ও উখিয়ার মাদক কারবারিদের অবস্থান ও অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে।