কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, হলদিয়াপালং এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে জনৈক মোঃ আলমগীরের বাড়ির পেছনে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনগত কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।