‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’—এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ‘তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬’।
গতকাল সকালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পুরির আনুষ্ঠানিক সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্য ও উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
বক্তব্যে তিনি শিশুদের সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিংয়ের জোরালো ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি কাব স্কাউটদের দেশপ্রেম ও শৃঙ্খলার শিক্ষা গ্রহণ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ও উপস্থিতি
ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মির্জা ফয়সাল আমিন (মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-১ আসন)
ডা. মো. আব্দুস সালাম (মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-২ আসন)
মো. জহিদুর রহমান (মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-৩ আসন)
মো. আবু আউয়াল (যুগ্ম সচিব ও মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব)
প্রফেসর নূর মো. আব্দুর রাজ্জাক (সচিব, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড)
মো. বেলাল হোসেন (পুলিশ সুপার, ঠাকুরগাঁও জেলা)
এছাড়াও স্বাগত বক্তব্য প্রদান করেন ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান, এলটি। সদস্য সচিব ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সম্পাদক আবু সাঈদ,
উপকমিশনার সাহিদ জাকিরুল চৌধুরীসহ অন্যান্য আঞ্চলিক ও স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে সার্বক্ষণিক ছিলেন, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান মিঠু।
অনুষ্ঠানমালা ও ক্যাম্প চত্বরের পরিবেশ
সকালে অতিথিদের আসন গ্রহণের পর তাদের স্মারক ব্যাজ ও স্কার্ফ পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কাব স্কাউটরা।
এরপর স্কাউটদের প্রথা অনুযায়ী ‘গ্র্যান্ড ইয়েল’ প্রদান এবং জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা ও উদ্বোধনী পর্ব শেষে আকাশে বেলুন ওড়ানো এবং স্কাউটদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্যাম্পের তাঁবু চত্বর এবং ঐতিহ্যের ছোঁয়ায় নির্মিত ‘রামসাগর ভিলেজ’ পরিদর্শন করেন। উল্লেখ্য, চলতি ৬ থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলা দিনব্যাপী এই আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে দিনাজপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।