কেরুনতলী খালে বিশেষ অভিযান, পালিয়ে যাওয়ায় আটক হয়নি কেউ
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী খাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা লোকালয়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।