ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে জেলা শহরে যাতায়াতের অন্যতম প্রধান সড়কে একের পর এক স্পিড ব্রেকার স্থাপন নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে আগে থেকেই ৭-৮টি স্পিড ব্রেকার রয়েছে। এর মধ্যে দত্তখোলা রাস্তার মুখে সম্প্রতি নতুন করে আরও দুটি বড় স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। এতে রোগী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে বাড়তি ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।
নতুন দুটি স্পিড ব্রেকার স্থাপনের বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। একই স্থানে পাশাপাশি দুটি বড় স্পিড ব্রেকার নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এমনকি এ নিয়ে নানা ধরনের সন্দেহ ও উদ্বেগও প্রকাশ করছেন কেউ কেউ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তখোলা এলাকার উত্তর পাশের খাল পেরিয়ে গ্রামের বিভিন্ন যানবাহন মূল সড়কে ওঠানামা করে। এ সময় প্রধান সড়কে দ্রুতগতিতে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। গ্রামের যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মূল সড়কের যানবাহনের গতি কমানোর লক্ষ্যেই নতুন স্পিড ব্রেকার দুটি স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
তবে সড়কটিতে আগে থেকেই একাধিক স্পিড ব্রেকার থাকায় নতুন করে আরও দুটি যুক্ত হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী ও অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতালে যাতায়াতে বাড়তি ঝাঁকুনি ভোগান্তির কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। সিজারিয়ান অস্ত্রোপচারের পর রোগীদের যাতায়াতেও এ ধরনের ঝাঁকুনি অস্বস্তি ও ব্যথা বাড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয়দের মতে, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে সে ব্যবস্থা নিতে গিয়ে যেন সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দেওয়া জরুরি। বিশেষ করে উপজেলা থেকে জেলা শহরে যাওয়ার প্রধান সড়কে স্পিড ব্রেকারগুলোর সংখ্যা, দূরত্ব ও অবস্থান যথাযথভাবে নির্ধারণ করা প্রয়োজন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিজয়নগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত নই। আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’
স্থানীয়রা বলছেন, নতুন স্পিড ব্রেকার দুটির প্রয়োজনীয়তা ও নির্মাণপদ্ধতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা উচিত। পাশাপাশি সড়কে দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি রোগী, যাত্রী ও চালকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।