নওগাঁর ধামইরহাটে পুলিশ সুপারের নির্দেশনায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাকিল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর ২টার দিকে বাদী মো. রেজাউল (৩১) তাঁর কর্মস্থল মজনু রুটি ফ্যাক্টরির স্টাফ রুমে নিজের TVS Metro 100 CC মোটরসাইকেলটি রেখে যান। পরে দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর বাদী জানতে পারেন, একই প্রতিষ্ঠানে কর্মরত শাকিল হোসেন (২২), তালহা (২১) ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। চোরাই মোটরসাইকেলটি ধামইরহাট থানা এলাকায় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়।
পরে পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক দ্রুত একটি বিশেষ দলকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। পুলিশের বিশেষ দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ধামইরহাট ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে এবং এ ঘটনায় প্রধান অভিযুক্ত শাকিল হোসেনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাকিল হোসেন গত ৪ নভেম্বর তালহাসহ মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করেছেন। এছাড়া অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে এলাকায় মাঝেমধ্যে চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।