নওগাঁর সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মৌসুমী ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী মদনিসং মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় ছেলেদের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গ্রুপভিত্তিক ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৬ষ্ঠ শ্রেণির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ৪র্থ শ্রেণির দল রানারআপ হয়।
অন্যদিকে, ছাত্রীদের জন্যও পৃথকভাবে বিভিন্ন ঐতিহ্যবাহী ও আনন্দদায়ক খেলাধুলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং পুরো আয়োজনজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলাধুলা শেষে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ট্রফি তুলে দেন সাপাহার জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর এবং সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাংবাদিক গোলাপ খন্দকার।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।