নওগাঁর ধামইরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের একমাত্র সন্তান ইমনের এমন আকস্মিক মৃত্যুতে শোকের মাতম চলছে স্বজনদের মধ্যে। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইমন মোটরসাইকেল নিয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তান ইমনকে হারিয়ে তার বাবা আব্দুর রহিম ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। তরতাজা এক যুবকের এমন অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।