জাতীয় পর্যায়ে যোগাসন ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে রাজবাড়ী জেলার মুখ উজ্জ্বল করেছেন বালিয়াকান্দি উপজেলার দীপান্বিতা (শ্যামলী)। তাঁর এ সাফল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম শ্যামলীর হাতে সংবর্ধনা তুলে দেন।
এর আগে রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ১০ম জাতীয় যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ- ২০২৬’-এ অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। শ্যামলী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাউনী গ্রামের বাসিন্দা।
প্রতিযোগিতায় রাজবাড়ী জেলা থেকে ২০ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের সম্মিলিত অর্জন ১৪টি পদক। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় জেলার খেলোয়াড়দের এমন সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
শ্যামলীর এ অর্জনে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসনের এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে যোগাসন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।