শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নওগাঁর সাপাহারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটিতে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। নির্ধারিত সময়ে শিক্ষকদের কেউ কেউ প্রতিষ্ঠানের বাইরে সময় কাটান। আবার অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ফলে এইচএসসি পরীক্ষার ফলাফলও আশানুরূপ হচ্ছে না।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক অনিয়ম ও পাঠদানে অবহেলার দায় নিয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তাঁরা। এ সময় প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, চলতি বছর কলেজের জেনারেল ও ভোকেশনাল—দুটি শাখা থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাঁদের অধিকাংশই কর্মজীবী। এ কারণে আশানুরূপ ফলাফল হয়নি। তবে আগামীতে ফলাফল ভালো হবে বলে আশা করছি।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।