নওগাঁর আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কলম, খাতা, স্কেল, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর বাবা মোহাম্মদ শাহ, মা ও সহধর্মিণী।
অনুষ্ঠানে মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। সঠিক শিক্ষা উপকরণ ও সুযোগ পেলে গ্রামের প্রতিটি শিশুই পড়াশোনায় সাফল্য অর্জন করতে পারবে। শিক্ষা ও সামাজিক উন্নয়নে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের এ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার সচেতন মহল।