যশোরের মণিরামপুরে সাংবাদিকদের দুটি সংগঠনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মনজুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, পক্ষপাতিত্ব এবং তথ্য যাচাই না করে অন্য সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তোলার পাল্টা অভিযোগ উঠেছে।
সম্প্রতি নিবন্ধনহীন ফেসবুক পেজ 'রাতদিন নিউজ'-এ দেওয়া বক্তব্যে এস এম মনজুর রহমান দাবি করেন, যুবলীগ নেতার নিয়ন্ত্রণাধীন উপজেলা প্রেসক্লাবের নাম পরিবর্তন করে ৫ আগস্টের পর মণিরামপুর রিপোর্টার্স ক্লাব নামে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এ বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
তাঁদের দাবি, উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশের আগেই মণিরামপুর রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। এ বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। ফলে সংগঠনটির প্রতিষ্ঠা ও ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ।
অন্যদিকে, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মনজুর রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রিপোর্টার্স ক্লাবের কয়েকজন সদস্য। তাঁদের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা শাহজালালকে বিভিন্ন সময় সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছেন তিনি। এমনকি সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলীর ছোট ভাই মেহেদী হাসানের দেওয়া অ্যাম্বুলেন্স পরিচালনার সঙ্গেও মণিরামপুর প্রেসক্লাবের সম্পৃক্ততা রয়েছে বলে তাঁরা দাবি করেন।অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগে মেহেদী হাসান মণিরামপুরবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তী সময়ে তাঁর ভাই সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করেন। বর্তমানে অ্যাম্বুলেন্সটির পরিচালনায় সাবেক ছাত্রলীগ নেতা শাহজালাল ও মণিরামপুর প্রেসক্লাবের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগকারীদের দাবি। তাঁদের প্রশ্ন, একটি সেবামূলক উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের বক্তব্য, সাংবাদিক সংগঠন কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সাংবাদিক একসঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় আর সাংবাদিক সংগঠনের কার্যক্রম এক বিষয় নয়। অথচ একটি সংগঠনের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে অন্য সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
তাঁরা আরও অভিযোগ করেন, বিগত ১৭ বছর মণিরামপুর প্রেসক্লাবের নেতৃত্বে থাকা ব্যক্তিদের অনেকের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। এমনকি প্রেসক্লাবের শীর্ষ পর্যায়ের কয়েকজনের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগও রয়েছে। তাঁদের প্রশ্ন, অতীতের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন না তুলে কেবল রিপোর্টার্স ক্লাবকে রাজনৈতিকভাবে চিহ্নিত করার চেষ্টা কেন?
এদিকে, এস এম মনজুর রহমানের বিরুদ্ধে শিক্ষকতার দায়িত্ব ফাঁকি দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে সময় কাটানোর অভিযোগও তুলেছেন কয়েকজন ব্যক্তি। এ নিয়ে একপর্যায়ে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য ও প্রামাণ্য তথ্য পাওয়া প্রয়োজন।এ ছাড়া এস এম তাজামুল নামে এক ব্যক্তির সঙ্গে মনজুর রহমানের বাগ্বিতণ্ডার ঘটনাও সামনে এনেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সরকারি দপ্তরে অবস্থানকালে ক্লাসের সময় নিয়ে প্রশ্ন করায় মনজুর রহমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং তাঁকে সাবেক উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবালের কাছে গিয়ে জবাব নিতে বলেন। তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস নিয়েও পাল্টা বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের ভাষ্য, যুবলীগ নেতা এস এম লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী, রাশেদ আলী, টিপু সুলতানসহ কয়েকজনের উদ্যোগে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে উপজেলা প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের রাজনৈতিক পরিচয় নিয়েও বক্তব্য দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের মণিরামপুর পৌর শাখার সভাপতি ছিলেন এবং বর্তমানে উপজেলা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।
সাংবাদিকতা ও রাজনৈতিক পরিচয়কে এক করে না দেখে তথ্য-প্রমাণের ভিত্তিতে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্টরা। তাঁদের প্রশ্ন, একটি সাংবাদিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে অন্য সংগঠন ও সাংবাদিকদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা কি তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না?মণিরামপুরের সাংবাদিক মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।