দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জন সফল যুব উদ্যোক্তার মাঝে মোট ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ এবং দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আল হাসান হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।
আলোচনা সভা শেষে ১৪ জন সফল যুব উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে। যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।