নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম গড়াকান্দরগামী পাকা রাস্তার ওপর বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুঠোফোনে স্থানীয় লোকজনের মাধ্যমে মাদক বিক্রির খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। রাত ১১টা ১০ মিনিটের দিকে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হলে তাদের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (১০০ মি.গ্রা.) উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইউসুফ আলী (৩৮), মো. ইমরান নাজিম (২৩) ও মো. ফারুক হোসেন (২৬)।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।