দিনাজপুরের বিরল উপজেলার প্রত্যন্ত গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাসিলা সন্যাসীপুকুর আদর্শ গ্রামে সরেজমিনে গিয়ে এই তথ্য সংগ্রহ কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়ী বাড়ী গিয়ে স্বচ্ছতার সাথে তথ্য সংগ্রহ করবেন। আপনাদের বাড়ীর বাহিরে এসে কোন তথ্য প্রদান করতে হবে না, এমনকি এই কার্ড পাওয়ার জন্য কাউকে কোনো প্রকার টাকা-পয়সাও দিতে হবে না। আপনারা কেবল সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে গণনাকারীদের সহযোগিতা করুন।
”তথ্য সংগ্রহকালীন উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক মোহাম্মদ মুনির হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ১২ নং রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য মিলন চন্দ্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।