ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ টিম বামুটিয়া এলাকার মাদক কারবারি মো. রিপন মিয়ার বসতঘরে অভিযান চালায়। এ সময় বসতঘর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করে এবং অভিযুক্ত রিপন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. রিপন মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।