র পানি নেমে যাওয়ার পর জমি প্রস্তুত করে আগাম মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর কৃষকরা। স্বল্প সময়ে ফসল ঘরে তোলা এবং আগাম বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়ার আশায় জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে পেঁয়াজ রোপণের কর্মযজ্ঞ। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এ রোপণ কার্যক্রম শেষে ডিসেম্বরের মধ্যেই ফসল ঘরে তোলার আশা করছেন চাষিরা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, সারসংকট এবং বাজারদর নিয়ে তাদের মধ্যে রয়েছে নানা দুশ্চিন্তা।
সরেজমিনে রাজবাড়ীর বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিজুড়ে চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণের ব্যস্ততা। কোথাও কৃষক জমি প্রস্তুত করছেন, আবার কোথাও সারি সারি করে পেঁয়াজ রোপণ করছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিক নিয়েও চলছে এ কর্মযজ্ঞ। বিশেষ করে চরাঞ্চল ও উঁচু জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে বেশি ব্যস্ত দেখা গেছে কৃষকদের।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বল্প সময়ে ফসল উৎপাদন ও আগাম বাজারে বিক্রির সুযোগ থাকায় মুড়িকাটা পেঁয়াজ চাষে তাদের আগ্রহ রয়েছে। তবে চাষাবাদের প্রতিটি ধাপে খরচ বাড়ায় লাভের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জমি তৈরি, সার, বীজ, শ্রমিক, সেচ, কীটনাশক ও আগাছা পরিষ্কারসহ বিভিন্ন খাতে ব্যয় করতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
কালুখালী উপজেলার হরিণবাড়িয়া চরের কৃষক জয়নাল আবেদীন, রহিম শেখ, মফিজুর রহমান, আফজাল হোসেন, আতিয়ার রহমান ও আলম শেখ, জিল্লুর রহমান জানান, এক বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ করতে প্রায় ৬০ হাজার ৪০০ টাকা খরচ হয়। এর মধ্যে জমি চাষ ও প্রস্তুত করতে ৩ হাজার টাকা, সার কিনতে ১০ হাজার টাকা এবং বীজের জন্য প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়। প্রতি বিঘায় বীজ লাগে প্রায় ১০ মণ।
তারা আরও জানান, পেঁয়াজ রোপণের জন্য শ্রমিকের মজুরি বাবদ খরচ হয় ৬ হাজার ৪০০ টাকা। সেচে ৩ হাজার টাকা, ওষুধে ৫ হাজার টাকা এবং আগাছা পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রায় ৩ হাজার টাকা ব্যয় হয়। সব মিলিয়ে এক বিঘা জমিতে উৎপাদন খরচ দাঁড়ায় প্রায় ৬০ হাজার ৪০০ টাকা।
কৃষকরা আরও জানান, এ হিসাব নিজেদের জমিতে চাষাবাদের ক্ষেত্রে। যাদের জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করতে হয়, তাদের বিঘাপ্রতি অতিরিক্ত ২০ থেকে ৩০ হাজার টাকা গুনতে হয়। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।
কালুখালী উপজেলার আরেক কৃষক সামসুদ্দিন প্রামাণিক বলেন, ‘এহন লাগাচ্ছি, মাসের মদ্দি (ভেতর) ঘরে তুলা যাবি। এহন সমস্যা হয়েছে বাজারে সার পাচ্ছি নে। সারের দোকানে গেলি দোকানদার কয় সার নাই। আবার যাও টুকিটাকি পাওয়া যায় দাম বেশি। সরকার সারের দাম কুমালি কৃষক এটু বাঁচত।’
তার ভাষ্য, সময়মতো সার না পাওয়া এবং বেশি দামে সার কিনতে হওয়ায় চাষাবাদের খরচ আরও বেড়ে যাচ্ছে। তাই কৃষকদের স্বার্থে সারের দাম কমানো ও পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।
কৃষকদের মতে, মুড়িকাটা পেঁয়াজের প্রধান আকর্ষণ হলো তুলনামূলক কম সময়ে ফসল ঘরে তোলার সুযোগ। আগাম উৎপাদিত পেঁয়াজ বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়ার প্রত্যাশা থাকলেও বাজারদর নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম হলে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ জনি খান জানান, দেশের মোট পেঁয়াজ উৎপাদনের প্রায় ১৪ শতাংশ রাজবাড়ী জেলায় উৎপাদিত হয়। জেলায় হালি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়ে থাকে ৪০ হাজার ৭৯১ হেক্টর জমিতে।
কৃষি খাতের জন্য পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ ফসল হওয়ায় এ আবাদ জেলার কৃষকদের জীবিকা ও স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং সারসংকটের মতো সমস্যা মোকাবিলা করতে পারলে কৃষকরা আরও উৎসাহ নিয়ে পেঁয়াজ চাষে এগিয়ে আসবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষ করে ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ার প্রত্যাশায় এখন দিনরাত মাঠে পরিশ্রম করছেন রাজবাড়ীর কৃষকরা। তাদের প্রত্যাশা, সময়মতো সার সরবরাহ, উৎপাদন উপকরণের দাম সহনীয় রাখা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ মৌসুমে পেঁয়াজ চাষ করে লাভের মুখ দেখতে পারবেন তারা।