কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে ওমর ফারুক (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ২৪ নম্বর লেদা শরণার্থী ক্যাম্পের বি (এলএমএস) ব্লকে এ ঘটনা ঘটে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, লেদা এপিবিএন ক্যাম্পের দিবাকালীন মোবাইল টহল দল নিয়মিত টহল দেওয়ার সময় একটি শেডের সামনে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওমর ফারুক নামে একজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি সেখানে বসে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
এ ছাড়া আটক যুবকের বাবা-মা অভিযোগ করেন, তিনি মাদকের টাকার জন্য বিভিন্ন সময় তাঁদের মারধর করতেন।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে ২৪ নম্বর ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।
সেখানে ক্যাম্প-২৪-এর সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ওমর ফারুক ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি (এলএমএস) ব্লকের বাসিন্দা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।