নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যক্তিদের ফাঁদে ফেলা এবং ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বদলগাছী থানাধীন মথুরাপুর ইউনিয়নের হট শাপলা গ্রামের বসাকপাড়া এলাকার কেওড়াতলা মন্দিরের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ হুমায়ুন কবির (৪৫) সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সেখানে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে সিয়াম (১৮), রোহিত (১৮) এবং অজ্ঞাতনামা আরও এক-দুজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এ সময় তাঁকে মারধর করে তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী বাধা দিলে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আশঙ্কায় অভিযুক্তরা মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বদলগাছী থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা-পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং সিয়াম ও রোহিতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে অন্যদের আকৃষ্ট করতেন। পরে সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। অনলাইনে পরিচিত কারও ডাকে নির্জন স্থানে যাওয়া এবং ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।