খুলনার ডুমুরিয়ায় গোডাউন অবকাঠামো না থাকা সত্ত্বেও অভিনব উপায়ে সারের ডিলারশিপ বাগিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, ডিলারশিপ পাওয়ার পর স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কাছে তা মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগও ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।
অনুসন্ধানে জানা যায়, ডুমুরিয়া উপজেলার ‘সরদার এন্টারপ্রাইজ’-এর নামে সারের ডিলারশিপের লাইসেন্স নেন খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুল মালেক। তবে সারের ডিলারশিপ পাওয়ার জন্য নির্ধারিত ধারণক্ষমতাসম্পন্ন নিজস্ব বা ভাড়া করা গোডাউন থাকার বাধ্যবাধকতা থাকলেও সরদার এন্টারপ্রাইজের কোনো নিজস্ব গোডাউন ছিল না। অভিযোগ উঠেছে, ডিলারশিপের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকের একটি রাইস মিলকে কাগজে-কলমে নিজের গোডাউন হিসেবে প্রদর্শন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, যে রাইস মিলটি ডিলারশিপের আবেদনে গোডাউন হিসেবে দেখানো হয়েছে, সেখানে সার আনা-নেওয়ার মতো কোনো উপযুক্ত যাতায়াত ব্যবস্থা বা রাস্তা নেই। ফলে সার পরিবহন ও সংরক্ষণের মতো মৌলিক শর্ত পুরোপুরি অনুপস্থিত।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, লাইসেন্স অনুমোদন পাওয়ার পরপরই সরদার এন্টারপ্রাইজের মালিক আব্দুল মালেক সেটি আওয়ামী লীগ নেতা রফিকের কাছে মৌখিকভাবে প্রায় ১৩ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে এলাকায় জোর গুঞ্জন ও অভিযোগ উঠেছে। বিরোধী রাজনৈতিক দলের নেতার ডিলারশিপ নিয়ে সরকারি সারের ব্যবসা শাসক দলের স্থানীয় নেতার নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে সাধারণ কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গোডাউন জালিয়াতি এবং ডিলারশিপ বিক্রির বিষয়ে জানতে চাইলে সরদার এন্টারপ্রাইজের মালিক আবুল মালেক বলেন—
"আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সারের ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে, তা মেনেই আবেদন করা হয়েছে। রফিকের রাইস মিলটি নিয়ম মেনেই চুক্তিভিত্তিক ব্যবহার করা হচ্ছে। আর লাইসেন্স বিক্রি বা ১৩ লাখ টাকার লেনদেনের যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও প্রোপাগান্ডা। একটি পক্ষ আমার ব্যবসায়িক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই চক্রান্ত করছে।"
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার জানান-"সারের ডিলারশিপ বরাদ্দের ক্ষেত্রে গোডাউন ও যাতায়াত ব্যবস্থার সঠিক তদন্ত করা নীতিমালার অন্তর্ভুক্ত। সরদার এন্টারপ্রাইজের ডিলারশিপের বিষয়ে যদি নিয়মবহির্ভূত গোডাউন প্রদর্শন বা লাইসেন্স হস্তান্তরের মতো কোনো লিখিত অভিযোগ বা অনিয়ম পাওয়া যায়, তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কৃষকদের শঙ্কা
স্থানীয় কৃষকদের মতে, সার আমদানির মতো সংবেদনশীল ক্ষেত্রে যদি অনিয়ম ও বেনামী হস্তান্তর ঘটে, তবে সারের কৃত্রিম সংকট তৈরি হতে পারে এবং সাধারণ চাষিরা ন্যায্য মূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। অনতিবিলম্বে ডুমুরিয়ার এই ডিলারশিপ বরাদ্দের পেছনে কোনো জালিয়াতি হয়েছে কিনা তা সরেজমিনে তদন্তের জোর দাবি জানিয়েছেন তারা।