রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে নার্গিস বেগমের কাছ থেকে ৬০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে ৫ লিটার চোলাই মদও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নার্গিস বেগম দৌলতদিয়া যৌনপল্লীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রব মোল্লার স্ত্রী ও মৃত ওয়াহাব মোল্লার মেয়ে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।